তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলেন চোর, বাঁচতে ৯৯৯-এ কল

বাংলা টিভি ডেস্ক: গাজীপুরের সদর থানার কড্ডা এলাকায় নির্মাণাধীন একটি পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অগ্নিদগ্ধ এক তরুণকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৯ আগস্ট) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালানো হয়।
জানা গেছে, কামরুল নামের এক ব্যক্তি ৯৯৯-এ ফোন করে জানান, তার বন্ধু বিদ্যুৎস্পৃষ্ট ও অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে গাজীপুর চৌরাস্তা ফায়ার সার্ভিস স্টেশনকে জানানো হয়।
৯৯৯-এর কলটেকার কনস্টেবল হিমানীশ বড়ুয়া কলটি গ্রহণ করেন। পরে ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. আল আমিন কলার ও ফায়ার সার্ভিস দলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কামরুল ও তার সহযোগী জিহাদ (১৮) নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টে বিদ্যুতের তার চুরি করতে গিয়েছিলেন। এ সময় জিহাদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় মাটিতে পড়ে যান। কামরুলও বিদ্যুৎস্পৃষ্ট হন, তবে তার আঘাত তুলনামূলক কম গুরুতর বলে জানা গেছে।
পরে ৯৯৯ থেকে খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে। পরে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের নেতৃত্ব দেন লিডার বৌদ্ধদেব সরকার। তিনি ৯৯৯-এর মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।



