বাংলাদেশ

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

বাংলা টিভি ডেস্ক: জয়পুরহাটের ক্ষেতলালে গভীর রাতে হিজাব পরে একটি বাড়িতে ঢুকে চুরি ও ছিনতাইয়ের চেষ্টা করার অভিযোগে আব্দুল মুমিন (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ সময় তার সঙ্গে থাকা আরিফুল ইসলাম নামে আরেক ব্যক্তি পালিয়ে যায়।

বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে ক্ষেতলালের রোয়ার গ্রামের মফিজ উদ্দিন বেলালের বাড়িতে এ ঘটনা ঘটে। আটক মুমিন ও পলাতক আরিফুল একই এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাতে জানা গেছে, গভীর রাতে মুমিন ও আরিফুল হিজাব পরা অবস্থায় চুরির উদ্দেশ্যে ওই বাড়িতে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক ও তার স্ত্রী সাজেদা বেগম চিৎকার শুরু করলে আশপাশের লোকজন সেখানে ছুটে আসেন।

গ্রামবাসীর উপস্থিতি টের পেয়ে দুজনই বাড়ি থেকে বের হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে আব্দুল মুমিনকে ধরে ফেললেও আরিফুল ইসলাম পালিয়ে যেতে সক্ষম হন।

পরে মুমিনকে তল্লাশি করে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। খবর পেয়ে ক্ষেতলাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত মুমিনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অভিযোগ বা মামলা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button