বাংলাদেশ

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায়, আনন্দের জোয়ারে ভাসছে ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও প্রতিনিধি( ডিজিটাল): বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান ও বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে তিনি বিজয়ী হন।

তাঁর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দেখা দেয় উৎসবমুখর পরিবেশ। জেলা বিএনপির কার্যালয়সহ বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সমর্থকেরা আনন্দ মিছিল বের করেন। পাশাপাশি মিষ্টি বিতরণ ও পরস্পরকে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে তাঁরা আনন্দ ভাগাভাগি করে নেন। এ ঘটনাকে অনেকেই ঠাকুরগাঁওবাসীর জন্য ঐতিহাসিক ও গর্বের মুহূর্ত হিসেবে দেখছেন।

জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পুরো ঠাকুরগাঁওবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর সংগ্রাম ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই এই অর্জনকে দেখছেন তাঁরা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী বলেন, প্রিয় নেতার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে ঠাকুরগাঁওয়ের মানুষ আনন্দিত। তাঁর নেতৃত্ব, রাজনৈতিক প্রজ্ঞা ও দীর্ঘ অভিজ্ঞতা দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখবে—এটাই তাঁদের প্রত্যাশা।

পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরীফ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু বিএনপির একজন নেতা নন, তিনি ঠাকুরগাঁওয়ের মানুষের গর্ব। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর নির্বাচিত হওয়া জেলার মর্যাদাকে আরও উজ্জ্বল করেছে।

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান তানু বলেন, ঠাকুরগাঁওয়ের একজন কৃতী সন্তান রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হওয়া নিঃসন্দেহে জেলার মানুষের জন্য আনন্দ ও গর্বের বিষয়। তিনি নতুন দায়িত্বে মির্জা ফখরুলের সফলতা কামনা করেন।

জেলা বিএনপির শীর্ষ নেতারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই অর্জনে পুরো ঠাকুরগাঁও আনন্দিত। দীর্ঘ রাজনৈতিক পথচলায় অর্জিত তাঁর অভিজ্ঞতা ও প্রজ্ঞা রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদী।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ঠাকুরগাঁও জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ এবং শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে দলীয় নেতাকর্মীদের।

স্থানীয় বাসিন্দারাও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ঘটনাকে জেলার জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন। তাঁদের মতে, তাঁর এই অর্জনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে।

মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের মধ্য দিয়ে প্রিয় নেতার এই অর্জন উদযাপন করেন দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের প্রত্যাশা, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্বে থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button