রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ও যুক্তরাজ্যের অভিনন্দন

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশন। রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পরপরই পৃথক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তাঁকে শুভেচ্ছা জানায় দুই দেশের কূটনৈতিক মিশন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৫টা ২০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
ফলাফল ঘোষণার প্রায় ১৫ মিনিট পর চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে বার্তা প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে চীন অত্যন্ত গুরুত্ব দেয়। নতুন যুগে দুই দেশের যৌথ প্রচেষ্টায় ‘অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ কমিউনিটি’ গড়ে তুলতে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত চীন। এর মাধ্যমে দুই দেশ ও জনগণের জন্য আরও বড় সুফল বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এর প্রায় ১৫ মিনিট পর মির্জা ফখরুলকে অভিনন্দন জানায় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনও। ফেসবুক পোস্টে হাইকমিশন বলেছে, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন।
বার্তায় আরও বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘদিনের ঘনিষ্ঠ অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে যুক্তরাজ্য মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে।
রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পরপরই চীন ও যুক্তরাজ্যের পক্ষ থেকে আসা এই অভিনন্দন বার্তা দুই দেশের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান কূটনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



