গ্রাম বাংলাদেশবাংলা

বিদ্যুতায়িত হয়ে বরের মৃত্যু, বাসর রাতেই বিধবা নববধূ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে বাড়িতে নিয়ে ফেরার পর স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমেদ আনাস বাপ্পি (২২) নামে এক নববরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনাস ওই এলাকার ইউসুফ আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে আনাসের সঙ্গে ফিলিপনগর ইউনিয়নের বাহেরমাদি আলীনগর এলাকার সাইফুল ইসলামের মেয়ে সাইরা খাতুনের (১৮) বিয়ে পড়ানো হয়। বৃহস্পতিবার বিকেলে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে আনাসের বাড়িতে তুলে আনা হয়। শুক্রবার তাঁদের বৌভাতের আয়োজন ছিল।

বৌভাত উপলক্ষে বাড়িতে অতিথিদের খাবারের স্থান ও প্যান্ডেল তৈরির কাজ চলছিল রাত পর্যন্ত। আনাসও সেখানে কাজের তদারকি করছিলেন। রাত আনুমানিক ২টার দিকে একটি স্ট্যান্ড ফ্যান সরাতে গেলে অসাবধাণতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনাসের আকস্মিক মৃত্যুতে বিয়ের বাড়ির আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়। নববধূসহ দুই পরিবারের সদস্যদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। পুলিশ ঘটনাটি পর্যবেক্ষণ করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button