বাংলাদেশ

সৌদি আরবে পুরস্কারজয়ী চার হাফেজকে বিমানবন্দরে অভ্যর্থনা

বাংলা টিভি ডেস্ক: সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া বাংলাদেশের চার হাফেজ দেশে ফিরেছেন। শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টা ৪০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পুরস্কারজয়ীদের স্বাগত জানাতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিমানবন্দরে পাঠান। অসুস্থতার কারণে নিজে উপস্থিত থাকতে না পারলেও বিজয়ীদের অভ্যর্থনা জানানোর আগ্রহ ছিল বলে জানান তিনি।

ধর্মমন্ত্রী বলেন, প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেওয়া চারজনই পুরস্কার অর্জন করেছেন। তাদের মধ্যে একজন প্রথম এবং তিনজন তৃতীয় স্থান লাভ করেছেন। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়। তাঁর মতে, বাংলাদেশ কোরআনের হাফেজ তৈরির ক্ষেত্রে সমৃদ্ধ একটি দেশ—এই সাফল্য তারই প্রমাণ।

মন্ত্রীর নির্দেশে হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলামের নেতৃত্বে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা বিমানবন্দরে চার হাফেজকে স্বাগত জানান। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধর্মমন্ত্রী আরও জানান, খুব শিগগিরই পুরস্কারজয়ী হাফেজদের তার দপ্তরে আমন্ত্রণ জানানো হবে।

পাঁচটি গ্রুপে আয়োজিত এবারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ইসলামিক ফাউন্ডেশনের বাছাই করা বাংলাদেশের চারজন হাফেজ অংশ নেন। তাদের সবাই কৃতিত্বের সঙ্গে পুরস্কার অর্জন করেন।

চতুর্থ গ্রুপে পুরুষদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন নারায়ণগঞ্জের সানারপাড়ের আর-রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী মুহাম্মদ জাকারিয়া। পুরস্কার হিসেবে তিনি পান ১ লাখ ৫০ হাজার সৌদি রিয়াল।

একই গ্রুপে নারীদের মধ্যে তৃতীয় হন উত্তরার তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার শিক্ষার্থী রাবেতা বিনতে রমজান। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ১ লাখ ৩০ হাজার সৌদি রিয়াল।

তৃতীয় গ্রুপে পুরুষদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন রাজধানীর ডেমরার মারকাযুল মাদীনা ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী শেখ মুহাম্মদ মাহমুদুল হাসান। একই গ্রুপে নারীদের মধ্যে তৃতীয় হন পুরান ঢাকার ওয়ারীর সাওদা বিনতে যামআহ আন্তর্জাতিক বালিকা হিফজ মাদরাসার শিক্ষার্থী মুসফিরা বিনতে মাহমুদ। তারা দুজনই ১ লাখ ৩০ হাজার সৌদি রিয়াল করে পুরস্কার পেয়েছেন।

গত বুধবার (১৯ আগস্ট) পবিত্র মসজিদুল হারামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশাল। প্রতিযোগিতার পাঁচটি গ্রুপে এবার মোট ৫০ জনকে পুরস্কৃত করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button