রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মুইজ্জুর অভিনন্দন

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনকে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেও উল্লেখ করেছেন তিনি।
শুক্রবার (২১ আগস্ট) মালদ্বীপ সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট মুইজ্জু মালদ্বীপের সরকার ও জনগণের পক্ষ থেকে নবনির্বাচিত বাংলাদেশের রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা জানান।
বার্তায় তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বিজয় তাঁর প্রতি বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে থাকবে বলেও তিনি মন্তব্য করেন।
বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষ করে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ক্ষেত্রে উভয় দেশ অভিন্ন স্বার্থে একসঙ্গে কাজ করতে পারে।
প্রেসিডেন্ট মুইজ্জু আশা প্রকাশ করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী ও বহুমাত্রিক হবে।
নবনির্বাচিত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সফলতা কামনা করে তিনি বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও অব্যাহত সমৃদ্ধি প্রত্যাশা করেন।
মুইজ্জুর অভিনন্দন ও শুভেচ্ছার জন্য মালদ্বীপ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপ। একই সঙ্গে বাংলাদেশ-মালদ্বীপের ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করা এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে হাইকমিশন।



