‘মির্জা ফখরুলকে অভিনন্দন, ভ্রাতৃত্বের বন্ধন জোরদারে প্রস্তুত ইরান’

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে ইরানের আগ্রহের কথাও জানিয়েছেন তিনি।
শুক্রবার (২১ আগস্ট) শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তাকে পাঠানো এক অভিনন্দনবার্তায় ইরানের প্রেসিডেন্ট এসব কথা বলেন।
বার্তায় মাসুদ পেজেশকিয়ান আশা প্রকাশ করেন, নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশ স্থিতিশীলতা, সমৃদ্ধি ও অগ্রগতির পথে আরও এগিয়ে যাবে এবং দেশের মানুষের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের আইনপ্রণেতা ও সংসদীয় প্রতিনিধিরা মির্জা ফখরুলের অঙ্গীকার, দূরদর্শিতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুসংহত করার ক্ষেত্রে তার ভূমিকার ওপর যে আস্থা রেখেছেন, তা বাংলাদেশের ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা বহন করে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করতে তার দেশ দৃঢ়ভাবে আগ্রহী। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রেও দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণে ইরান প্রস্তুত রয়েছে।
অভিনন্দনবার্তার শেষাংশে নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফলতা কামনা করেন মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন তিনি।



