মিয়ানমারে বৌদ্ধ মঠে বিমান হামলায় নারীসহ নিহত অন্তত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: আবারও রক্তাক্ত হয়ে উঠেছে মিয়ানমার। দেশটির মধ্যাঞ্চলের সাগাইং অঞ্চলে একটি বৌদ্ধ মঠে বিমান হামলার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে। হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
শুক্রবার সাগাইং অঞ্চলের মিয়াউং টাউনশিপের সোয়েল লে ওহ গ্রামের একটি বৌদ্ধ মঠে এ হামলা চালানো হয়। স্থানীয়দের দাবি, প্রার্থনা ও ধ্যানের সময় মঠটিতে বিমান হামলা চালানো হয়।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকেই গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের সাগাইং অঞ্চলটি জান্তা সরকারের অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ওই এলাকায় নিয়মিত বিমান হামলার পাশাপাশি ড্রোন হামলাও চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্র ও বিরোধী একটি গোষ্ঠীর বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, হামলার সময় ওই মঠে সপ্তাহব্যাপী একটি ধ্যান কর্মসূচি চলছিল। এতে বৌদ্ধ ভিক্ষু ও সাধারণ মানুষ অংশ নিয়েছিলেন।
সিভিল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি অর্গানাইজেশন অব মিয়াউং টাউনশিপের মুখপাত্র নওয়ে উ জানান, শুক্রবার সকাল ৯টার দিকে একটি যুদ্ধবিমান থেকে মঠের প্রাঙ্গণে বোমা ফেলা হয়। এতে তিন নারীসহ ১৪ জন নিহত এবং আরও ২০ জন আহত হন। হামলার পর স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের জন্য পাশের একটি গ্রামে চলে যান।
স্থানীয়দের ভাষ্য, প্রায় ১৫ মিনিটের ব্যবধানে বিমান থেকে দুটি বোমা ফেলা হয়। দ্বিতীয় বোমাটি মঠের কাছের একটি বাড়িতে আঘাত হানে। ওই বাড়িতে ধর্মীয় ধ্যান ও সংযম পালনের উদ্দেশ্যে প্রায় শতাধিক মানুষ অবস্থান করছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
তবে হামলার অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।



