রাশিয়ার হয়ে যুদ্ধ করা বাংলাদেশিকে উদ্ধার, দেশে ফিরবেন রোববার

আন্তর্জাতিক ডেস্ক: চাকরির প্রলোভনে প্রতারিত হয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়া অন্তত ৩০ বাংলাদেশির মধ্যে রাজন হোসেন নামে একজনকে উদ্ধার করে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে মস্কোয় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস।
শুক্রবার (২১ আগস্ট) মস্কো সময় রাত সাড়ে ৯টার দিকে রাজনকে দেশে ফেরার বিমানে তুলে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মস্কোয় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি জানান, রাজনের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সম্পন্ন হওয়ার পর তার দেশে ফেরার প্রক্রিয়া নিশ্চিত করা হয়। উদ্ধার হওয়ার পর থেকে পুরো প্রত্যাবাসন প্রক্রিয়াটি বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।
দূতাবাস সূত্রে জানা গেছে, রাজন হোসেন ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আদ্দিস আবাবা হয়ে বাংলাদেশে ফিরবেন। রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে তার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে উচ্চ বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে অন্তত ৩০ বাংলাদেশি যুবককে প্রতারণার মাধ্যমে রাশিয়ায় পাঠানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ১ জুন আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮), জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫) নামে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করে তাদের জামানত বাজেয়াপ্ত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে যুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে দূতাবাসের পক্ষ থেকে কাজ অব্যাহত রয়েছে।



