বাংলাদেশ

ঝিনাইদহে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

বাংলা টিভি ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাদুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাদুরগাছা গ্রামের নিলুফার ইয়াসমিন নামে এক বিধবা নারীর বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে কয়েকজন প্রবেশ করেন। বিষয়টি বুঝতে পেরে নিলুফার চিৎকার শুরু করলে আশপাশের লোকজন সেখানে ছুটে আসেন। পরে গ্রামবাসী তাদের ধাওয়া করে খোঁজাখুঁজির একপর্যায়ে দুজনকে আটক করেন।

এরপর উত্তেজিত জনতা তাদের ওপর হামলা চালিয়ে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অন্যজন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ও আহত দুজনেরই পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওসি কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button