নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা প্রধান শিক্ষক

বাংলা টিভি ডেস্ক: রাজশাহীর বাঘায় এক নারী কর্মচারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় খারিজাথাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় ওই নারী কর্মচারীকেও আটক করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে বাঘা পৌরসভার গাওপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাদের দুজনকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সঙ্গে ওই বিদ্যালয়ের এক নারী কর্মচারীর দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক রয়েছে বলে অভিযোগ ছিল। শুক্রবার বিদ্যালয়ের অফিসের কাজের কথা বলে ওই নারী কর্মচারীকে সঙ্গে নিয়ে গাওপাড়া এলাকার একটি বাড়িতে যান তিনি। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দুজনকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর প্রধান শিক্ষকের স্ত্রী নুরনাহার আক্তার মিলি থানায় গিয়ে তার স্বামীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
খারিজাথাক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুফিয়ান হোসেন বলেন, এর আগেও বিদ্যালয়ে বসে তাদের দুজনকে কয়েকবার সতর্ক করা হয়েছিল। এরপরও তারা একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়েছেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বজলুর রহমান জানান, তিনি ঘটনাটি শুনেছেন। বিষয়টি উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের জানানো হবে। তারাই পরবর্তী ব্যবস্থা নেবেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, শনিবার আদালতের মাধ্যমে প্রধান শিক্ষক ও ওই নারীকে কারাগারে পাঠানো হয়েছে।
দেলোয়ার হোসেন মনিগ্রাম বাজারের দক্ষিণপাড়ার কালাচাঁন ব্যাপারির ছেলে। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মার মধ্যে অবস্থিত চিলমারী ইউনিয়নের বাংলাবাজার চরের খারিজাথাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।



