চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নাফিসা নাওয়াল (১৮) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল ৯টা ৫০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।
নিহত নাফিসা নাওয়াল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলী বাড়ির বাসিন্দা মামুন মিয়া ও মুক্তা দম্পতির মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ইপিজেড থানার নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে সড়ক পার হওয়ার সময় একটি ক্রেনের ধাক্কায় গুরুতর আহত হন নাফিসা। পরে মারিয়া নামে এক ইন্টার্ন চিকিৎসক তাকে সড়কে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন এবং দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, নিহতের পরিবারের সঙ্গে পুলিশের যোগাযোগ হয়েছে। মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী ক্রেনটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার পর চালক পালিয়ে গেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



