আসিফ মাহমুদের সঙ্গে ওমরাহ পালনে আরও আছেন যারা

বাংলা টিভি ডেস্ক: পবিত্র ওমরাহ পালন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে পবিত্র নগরী মক্কায় পৌঁছে তিনি ওমরাহ পালন করেন।
শনিবার (২২ আগস্ট) দুপুরে দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
আসিফ মাহমুদের সঙ্গে ওমরাহ পালন করেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক এবং ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির সদস্য আয়মান রাহাড, কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত, ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান এবং ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ আরও কয়েকজন।
ওমরাহ পালনের সময় তারা দেশ ও দেশের মানুষের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন। ওমরাহ শেষে এনসিপির নেতারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পাশাপাশি সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন আসিফ মাহমুদ।
বর্তমানে তিনি মক্কায় অবস্থান করছেন। সেখান থেকে তার পবিত্র মদিনা মুনাওয়ারায় যাওয়ার কথা রয়েছে। আগামী ৩০ আগস্ট তার ঢাকায় ফেরার সম্ভাবনা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে স্ত্রী ও সফরসঙ্গীদের নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন আসিফ মাহমুদ।



