ঢাকার ৪১৬ বছর পূর্তিতে নৌকা বাইচে মুখরিত বুড়িগঙ্গা

বাংলা টিভি ডেস্ক: ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। শুক্রবার (২১ আগস্ট) মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে মোট ছয়টি দল অংশ নেয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আয়োজিত এ নৌকা বাইচের উদ্দেশ্য ছিল রাজধানীবাসীর মধ্যে ঢাকার প্রতি ভালোবাসা, মমত্ববোধ ও দায়িত্বশীলতা বাড়ানো।
শুক্রবার দুপুর থেকেই নৌকা বাইচ দেখতে বুড়িগঙ্গার দুই তীরে ভিড় করেন হাজারো মানুষ। পরিবার-পরিজন নিয়ে শত শত নৌকা ও ট্রলারে নদীতে জড়ো হন নগরবাসী। প্রতিযোগিতাকে ঘিরে পুরো নদীজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
নৌকা বাইচ শেষে সোয়ারীঘাট এলাকায় নোঙর করা শতবর্ষী ঐতিহ্যবাহী স্টিমার পিএস মাহমুদে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঢাকার চারপাশের নদ-নদী দখল ও দূষণমুক্ত করে নৌযান চলাচল নিরাপদ ও সচল করতে সরকার কাজ করছে। বুড়িগঙ্গা, বালু ও ধলেশ্বরীসহ নদীগুলোকে দূষণমুক্ত রাখতে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে নিয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বাংলার ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এমন আয়োজন করায় ডিএসসিসির উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি নদীর পাড় সৌন্দর্যবর্ধনের মাধ্যমে নগরবাসীর হাঁটা ও বিনোদনের উপযোগী পরিবেশ গড়ে তোলার কথাও জানান।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে নাগরিকদের আরও বেশি সম্পৃক্ত করা প্রয়োজন। পুরান ঢাকার সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম জানান, ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে মিনি ম্যারাথন, সাইকেল র্যালি, নাট্য উৎসব ও চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হচ্ছে। পাশাপাশি কামরাঙ্গীরচরে আট লেনের সড়ক নির্মাণ এবং নদীর পাড় বাঁধাই করে দৃষ্টিনন্দন হাঁটার পথ তৈরির মতো উন্নয়ন প্রকল্পও নেওয়া হয়েছে। নগরবাসীর প্রতি তিনি পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
এবারের নৌকা বাইচে প্রথম স্থান অর্জন করেছে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের দল। দ্বিতীয় হয়েছে সাবেক ওয়ার্ড কমিশনার মোশারফ হোসেন খোকনের দল। আর তৃতীয় স্থান পেয়েছে মাদারীপুরের আনিসুর রহমানের দল।
অনুষ্ঠানে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



