বাংলাদেশ

গাজীপুরে কারখানায় দুর্ধর্ষ ডাকাতি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে এক নিটিং কারখানায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল কারখানার নিরাপত্তা কর্মীদের অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে আনুমানিক ৩০ লাখ টাকার সুতা এবং নগদ দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায়।

শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে মহানগরীর কাশিমপুরের বড় ভবানীপুর এলাকায় মির্জা অ্যাপারেলস লিমিটেড নিটিং ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর শিল্প নগরী কাশিমপুরের বড় ভবানিপুর এলাকায় ফ্যাক্টরির বাউন্ডারি ওয়াল টপকিয়ে জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে ১০ থেকে ১৫ জনের ডাকাত দল। ডাকাত দলের সদস্যদের কাছে দেশীয় অস্ত্র ও বিদেশি পিস্তল ছিল। ফ্যাক্টরির ভিতরে ঢুকেই নিরাপত্তা কর্মীসহ ৫ জনকে পাটের রশি ও ফেব্রিক্স দিয়ে হাত পা বেধে ফেলে তারা। এরপর গেটে তালা কেটে সাত হাজার ৩৫০ কেজি সুতা ও নগদ দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

কারখানার এমডি আনিসুল হক বলেন, রাত ৩টার সময় আমাকে ফোন করা হয়েছিল কারখানা থেকে। মোবাইল চার্জে থাকায় আমি রিসিভ করতে পারিনি।

তিনি আরও বলেন, আনুমানিক ৩০ লাখ টাকার সুতা ও নগদ দেড় লাখ টাকা নিয়ে যায় ডাকাতরা।

রাব্বি নামে নিটিং এর সহকারী অপারেটর বলেন, আমরা কারখানার ভিতরে ছিলাম। হঠাৎ রাত ৩টার সময় ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল আমাদের হাত পা বেধে ফেলে। দেশীয় অস্ত্র ঠেকিয়ে সুতা ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা খালিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশেপাশের সিসিটিভির ফুটেজগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। ডাকাত দলকে ধরতে কাজ করছে পুলিশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button