বাংলাদেশ

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর এলাকায় ‘দাফন না করার’ ঘোষণা

বাংলা টিভি ডেস্ক: মাদকের ভয়াবহতা ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর পদক্ষেপ নিয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। এলাকায় মাদক সেবন, বিক্রি ও সরবরাহ বন্ধে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে পাঁচ দফা সামাজিক বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে মাদকসেবীদের মৃত্যুর পর সামাজিকভাবে দাফন না করার সিদ্ধান্তও রয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর মধ্যম সোনাপাহাড় দরবার টিলার বাইতুশ শরফ জামে মসজিদে অনুষ্ঠিত এক বিশেষ সভায় স্থানীয় মসজিদ কমিটি, মুসল্লি ও সচেতন এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালিয়ে মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদকসংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত দায়িত্বশীল ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।

মাদক নির্মূল কমিটির সভাপতি আব্দুর আল রহিম জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিদের সর্বসম্মত সিদ্ধান্তে মাদকের সঙ্গে জড়িতদের সামাজিকভাবে পাঁচটি বিষয়ে বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলো হলো—মৃত্যুর পর সামাজিকভাবে দাফন না করা, দাফনের কাজে মসজিদের খাটিয়া ব্যবহার না করা, ইমাম বা কোনো ধর্মীয় ব্যক্তিত্বের তাদের বাড়িতে খাবার না খাওয়া, তাদের পরিবারের সামাজিক অনুষ্ঠানে এলাকাবাসীর অংশ না নেওয়া এবং মাদকের সঙ্গে জড়িত প্রমাণিত হলে তাকে সমাজ থেকে সম্পূর্ণভাবে বয়কট ও বহিষ্কার করা।

তিনি বলেন, কাউকে অপমান করা এই উদ্যোগের উদ্দেশ্য নয়। বরং মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button