রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, তার স্ত্রী ও ২ সন্তানের লাশ উদ্ধার

রংপুর প্রতিনিধি( ডিজিটাল): রংপুর মহানগরের কামাল কাছনা মাছুয়াপাড়া এলাকায় একটি তিনতলা ভবন থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারজনের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), ছেলে আয়ুশ চক্রবর্তী (১৪) এবং মেয়ে আগামী চক্রবর্তী (২৮)।
পুলিশ জানায়, বাড়ির ছাদের সিঁড়ি থেকে প্রীতিলতা ও তাঁর মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। ছাদের এক পাশে পাওয়া যায় গণপতি চক্রবর্তীর লাশ। আর ছেলের মরদেহ পাওয়া যায় বিছানার নিচে।
ঘরের ভেতর থেকে পচা লাশের তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে ছিল। মেঝেতে কাপড়-চোপড় ও গয়নার বাক্সও দেখা যায়। এ ঘটনায় পুরো ভবন ঘিরে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ ও সিআইডি।
রংপুর সিআইডির ইনচার্জ সুমিত চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে জানান, প্রাথমিকভাবে ঘটনাটি ডাকাতির সঙ্গে সম্পৃক্ত বলে মনে হচ্ছে। তাঁর ধারণা, তিন থেকে চার দিন আগে হত্যাকাণ্ডটি ঘটতে পারে। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল এবং টাকা-পয়সা রাখার স্থানগুলো ভাঙচুর করা হয়েছে। এছাড়া নিহতদের গলায় রশি বা গামছা পেঁচিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।



