পারিবারিক কলহের জেরে সাবেক বিয়াইনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিয়াইন

গাজীপুর প্রতিনিধি( ডিজিটাল): পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ছেলে ও পরিবারের সদস্যদের ওপর হামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সাবেক বিয়াইনের পরিবারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ইয়াসমিন বেগম ও তাঁর স্বজনরা।
শনিবার (২২ আগস্ট) রাতে কালিয়াকৈর থানার আইস মার্কেট এলাকায় নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে ইয়াসমিন বেগম জানান, প্রায় দুই বছর আগে পরিবারের অমতে ইয়াসিন আরাফাত ইমন সোনিয়া নামের এক নারীকে বিয়ে করেন। ইমনের আগের বিয়ে ও সংসারের বিষয়টি জানা থাকা সত্ত্বেও সোনিয়া তাঁকে বিয়ে করেন বলে দাবি করেন তিনি। পরে পারিবারিক কলহের জেরে প্রায় ছয় মাস আগে সোনিয়া নিজেই ইমনকে ডিভোর্স দেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ইমনের বর্তমান স্ত্রীর আইডিতে অনুপ্রবেশ করে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগও করেন তিনি।
ইয়াসমিন বেগমের অভিযোগ, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আইস মার্কেট এলাকায় গাড়ি পার্কিং করার সময় ইমন মুঠোফোনে তাঁর বর্তমান স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় ইমনের কথাকে নিজের উদ্দেশে বলা হচ্ছে বলে ভুল বোঝেন তাঁর সাবেক শাশুড়ি। পরে তিনি ছেলে ফিরোজকে ডেকে আনেন। এরপর কোনো কিছু না শুনেই ফিরোজ ও তাঁর মা ইমনের ওপর হামলা চালিয়ে মারধর করেন এবং এতে ইমনের এক হাত ভেঙে যায় বলে অভিযোগ করেন ইয়াসমিন।
এ সময় ইমনকে রক্ষা করতে গিয়ে সৌরভ নামের আরেক যুবকও আহত হন। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে সফিপুরের তানহা হাসপাতালে ভর্তি করেন।
ইয়াসমিন বেগম আরও অভিযোগ করেন, হামলার ঘটনার পর থেকে সাবেক বিয়াইনের পরিবারের লোকজন বহিরাগতদের সঙ্গে নিয়ে তাঁদের বাড়িতে একাধিকবার হামলা চালানোর চেষ্টা করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ কারণে পরিবারের পুরুষ সদস্যরা বাড়িতে ফিরতে পারছেন না বলেও দাবি করেন তিনি। পুরো পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান ইয়াসমিন।
এ ঘটনায় ইয়াসমিন বেগমের স্বামী আমির হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।



