বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার

বাংলা টিভি ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে অভ্যর্থনা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়।
মির্জা ফখরুল ইসলামের ব্যক্তিগত কর্মকর্তা ইউনুছ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। বঙ্গভবনে পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি হিসেবে তাঁর নিয়মিত দাপ্তরিক কার্যক্রমও শুরু হয়।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে তিনি শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়।
শপথের পরদিন শনিবার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এর মধ্য দিয়েই রাষ্ট্রপতি হিসেবে তাঁর রাষ্ট্রীয় দায়িত্ব পালনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।



