রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও অংশীদারত্ব আরও শক্তিশালী করতে নতুন রাষ্ট্রপতি এবং সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছে দেশটি।
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়। বার্তায় বলা হয়েছে, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ সরকারের সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদারে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র।
এর আগে ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গত শুক্রবার বঙ্গভবনের দরবার হলে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি।
নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পরপরই ওয়াশিংটনের পক্ষ থেকে এই অভিনন্দন ও সহযোগিতার বার্তা এলো।



