বাংলাদেশ

স্ত্রীর ওমরাহ’র জমানো টাকায়, ৫৬ বছরের পুরোনো রাস্তা সংস্কার করলেন স্বামী

বাংলা টিভি ডেস্ক: পবিত্র ওমরাহ পালনের জন্য দীর্ঘদিন ধরে স্ত্রীর জমানো অর্থ এবার মানুষের কল্যাণে ব্যয় করলেন খুলনার ডুমুরিয়ার হাফেজ মো. ওয়াহিদুজ্জামান। গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে সেই অর্থ দিয়ে ৫৬ বছর ধরে অবহেলিত একটি কাদামাটির রাস্তা সংস্কার করেছেন তিনি। নিজের উদ্যোগে ১৫০ ফুট সড়কে ইটের সোলিং করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এই ব্যক্তি।

ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কেয়াখালী গ্রামের রাস্তাটিতে গত ২০ আগস্ট স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে সংস্কারকাজ শেষ করেন ওয়াহিদুজ্জামান।

স্থানীয়রা জানান, স্বাধীনতার পর দীর্ঘ ৫৬ বছরেও রাস্তাটিতে তেমন কোনো উন্নয়ন হয়নি। বর্ষাকালে প্রায় ১৫০ ফুট সড়কটি কাদা ও পানিতে ডুবে যেত। ফলে শিক্ষার্থী, বৃদ্ধ, রোগীসহ গ্রামের শত শত মানুষকে নিয়মিত দুর্ভোগ পোহাতে হতো। জনপ্রতিনিধিদের কাছে বারবার জানানো হলেও স্থায়ী কোনো সমাধান মেলেনি।

গ্রামবাসীর এই দুর্দশা দেখে এগিয়ে আসেন হাফেজ ওয়াহিদুজ্জামান। বিষয়টি নিয়ে তিনি তাঁর স্ত্রীর সঙ্গে আলোচনা করেন। স্ত্রী দীর্ঘদিন ধরে ওমরাহ পালনের জন্য যে অর্থ সঞ্চয় করেছিলেন, মানুষের দুর্ভোগ লাঘবের কথা বিবেচনা করে সেই পুরো অর্থ স্বামীর হাতে তুলে দেন। পরে ওই অর্থ দিয়ে ইট ও বালু কিনে স্থানীয়দের সহযোগিতায় রাস্তা সংস্কারের কাজ শুরু করেন ওয়াহিদুজ্জামান।

তিনি বলেন, মানুষের সেবা করাও ইবাদতের অংশ। স্ত্রীর ওমরাহ পালনের ইচ্ছা থাকলেও গ্রামের মানুষের দীর্ঘদিনের কষ্ট দেখে আগে তাদের দুর্ভোগ কমানো প্রয়োজন বলে মনে হয়েছে। আল্লাহর তাওফিকেই স্ত্রীর সঞ্চিত অর্থ দিয়ে কাজটি সম্পন্ন করতে পেরেছেন বলেও জানান তিনি।

রাস্তা সংস্কারের পর স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা, বিশেষ করে বর্ষাকালে শিক্ষার্থী, রোগী ও বয়স্কদের চলাচলে এখন আগের তুলনায় অনেক কম ভোগান্তি হবে।

তবে মানুষের পাশে দাঁড়ানোর ঘটনা ওয়াহিদুজ্জামানের জন্য নতুন নয়। করোনাভাইরাস মহামারির কঠিন সময়েও তিনি মানবসেবায় এগিয়ে এসেছিলেন। তাঁর নেতৃত্বে গঠিত একটি বিশেষ ‘দাফন টিম’ খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় করোনায় মারা যাওয়া প্রায় দুই শতাধিক মানুষের মরদেহ দাফন ও সৎকারে অংশ নেয়। ঝুঁকিপূর্ণ সময়ে এমন মানবিক উদ্যোগের জন্য তখনও তিনি ব্যাপক প্রশংসা পেয়েছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button