দ্রুতগতির দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের, আহত ৩

বাংলা টিভি ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহীন আলী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে দামুড়হুদা ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন আলী উপজেলার চিৎলা গ্রামের বাবলু রহমানের ছেলে।
দুর্ঘটনায় আহতরা হলেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ফার্মাসিস্ট ফিরোজ হোসেন (৩২), অফিস স্টাফ জনি আহমেদ (৪২) এবং রংমিস্ত্রি নিষ্কলঙ্ক (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শাহীন আলী মোটরসাইকেল চালিয়ে দ্রুতগতিতে দামুড়হুদা বাজারের দিকে যাচ্ছিলেন। ব্রিজ পার হওয়ার পর বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহীন ঘটনাস্থলেই মারা যান। একই দুর্ঘটনায় অপর তিনজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন জানান, দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



