‘স্বরাষ্ট্রমন্ত্রীকে এর দায় নিতে হবে’, রংপুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির

বাংলা টিভি ডেস্ক: রংপুরে সাবেক স্কুলশিক্ষক ও তাঁর পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনা, পাশাপাশি ঢাকা ও ময়মনসিংহে চিকিৎসকদের ওপর হামলা ও চাঁদা দাবির ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এক ফেসবুক পোস্টে তিনি এসব ঘটনার জন্য সরকারের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে রংপুরের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
ডা. শফিকুর রহমান তাঁর পোস্টে উল্লেখ করেন, রংপুর নগরীর মাছুয়াপাড়ার একটি বাসা থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে প্রীয়ম চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারটির সদস্যদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
গোটা পরিবারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে সামাজিক অপরাধ, হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বেড়েছে। এর উদাহরণ হিসেবে ঢাকায় এক চিকিৎসকের কাছে ডলারে চাঁদা দাবি ও পরে তাঁর ওপর হামলা এবং ময়মনসিংহে এক পশুচিকিৎসকের কাছে চাঁদা দাবি করে হামলার ঘটনাও তুলে ধরেন তিনি।
তাঁর মতে, এসব ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরছে এবং এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তিনি বলেন, রংপুরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা জরুরি।
একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। ধারাবাহিক অপরাধের পরও ভুক্তভোগীরা যথাযথ বিচার না পাওয়ায় এবং আদালতে বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান সামাজিকভাবে সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে বলেন, সরকারের ব্যর্থতার দিকে তাকিয়ে না থেকে জনগণকেও অপরাধ প্রতিরোধে সামাজিকভাবে সক্রিয় হতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করার আহ্বান জানান তিনি।



