নাপিতের অপেক্ষায় বিরক্ত হয়ে ১৭ বছর নিজের চুল নিজেই কাটেন মুজাহিদ

বাংলা টিভি ডেস্ক: নাপিতের দোকানে চুল কাটার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। সেই বিরক্তি থেকেই নিজের চুল ও দাড়ি নিজেই কাটার অভ্যাস গড়ে ওঠে দিনাজপুরের ফুলবাড়ীর মুজাহিদুল ইসলামের। দেখতে দেখতে কেটে গেছে ১৭ বছর, আর এই দীর্ঘ সময়ে নাপিতের দোকানে না গিয়েই নিজের চুল নিজেই কেটে আসছেন তিনি।
মুজাহিদুল ইসলাম ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি পার্বতীপুর উপজেলার ভবানীপুর ইসলামিয়া কামিল মাদরাসায় প্রভাষক হিসেবে কর্মরত।
হাফেজি মাদরাসায় পড়ার সময় সপ্তাহের ছয় দিনই নানা নিয়ম-কানুনের মধ্যে কাটত তাঁর। শুক্রবার ছিল ছুটির দিন। কিন্তু সেই ছুটির বড় একটি অংশ চলে যেত নাপিতের দোকানে বসে অপেক্ষা করতে করতে। চুল কাটাতে সিরিয়াল নেওয়ার পরও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। একসময় এই অপেক্ষার বিরক্তি থেকেই নিজেই চুল কাটার সিদ্ধান্ত নেন তিনি।
প্রায় ২০০৬ সালের দিকে বাজার থেকে কাঁচি ও চিরুনি কিনে আয়নার সামনে নিজের চুল কাটার অনুশীলন শুরু করেন মুজাহিদুল। প্রথম দিকে অবশ্য খুব একটা সফল হননি। পরে মাদরাসার এক ছোট ভাইয়ের চুল কাটার চেষ্টা করেন। কিন্তু সেই পরীক্ষার ফল ভালো না হওয়ায় শেষ পর্যন্ত তাকে ন্যাড়া করে দিতে হয়েছিল।
তবে ব্যর্থতায় থেমে যাননি তিনি। ধীরে ধীরে সহপাঠী ও ছোটদের চুল কাটতে কাটতে কাঁচি ও চিরুনির ব্যবহার আয়ত্তে আনেন। এরপর নিজের চুল কাটার দক্ষতা বাড়াতে নিয়মিত অনুশীলন শুরু করেন। কোন জায়গায় কতটা চুল কাটতে হবে কিংবা কীভাবে কাঁচি চালাতে হবে—অভিজ্ঞতার সঙ্গে এসব কৌশলও আয়ত্তে চলে আসে তাঁর।
মুজাহিদুল বলেন, অন্যের চুল কাটতে পারলে নিজের চুল কাটার জন্য কেন অন্যের কাছে যেতে হবে—এমন ভাবনা থেকেই নিজের চুল কাটার বিষয়ে আরও মনোযোগী হন তিনি। এরপর থেকে ১৭ বছর ধরে চুল বড় হলেই আয়না, কাঁচি ও চিরুনি নিয়ে নিজেই চুল কাটেন।
গ্রামের বাসিন্দা মানিক, রেজা, রাতুল, ফরহাদ, সঞ্জিত, সোহাগ ও জয় জানান, ছুটিতে বাড়িতে এলে মুজাহিদুল তাঁদেরও সেলুনের মতো বসিয়ে চুল কেটে দিতেন। তাঁদের মতে, তিনি নাপিতের মতো দক্ষতার সঙ্গেই চুল কাটতে পারেন।
মুজাহিদুলের ছোট ভাই ও গণমাধ্যমকর্মী মোকাররম হোসেন বলেন, ছোটবেলা থেকেই তাঁর ভাই নানা ধরনের প্রতিভার অধিকারী। শুরুতে নিজের চুল নিজেই কাটার বিষয়টি পরিবারের কাছে আশ্চর্যের মনে হলেও এখন এটি তাঁদের কাছে স্বাভাবিক। তাঁর মতে, ইচ্ছা ও নিয়মিত চর্চা থাকলে মানুষ অনেক নতুন দক্ষতাই অর্জন করতে পারে।



