বাংলাদেশ

মজুদ থাকা স্যালাইন না দেওয়ায় রোগীকে টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে বিভিন্ন অনিয়ম দেখে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে গিয়ে তিনি বিভিন্ন ওয়ার্ড, অপারেশন থিয়েটার, ফার্মেসি ও রান্নাঘর ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনের সময় হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন মজুদ থাকার পরও এক রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনতে বলার বিষয়টি মন্ত্রীর নজরে আসে। এ ঘটনায় সংশ্লিষ্ট এক নার্সের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বাইরে থেকে কেনা স্যালাইনের ২০০ টাকা রোগীকে ফেরত দেন মন্ত্রী।

প্রায় এক ঘণ্টা ধরে হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শনের পর তত্ত্বাবধায়কের কার্যালয়ে যান স্বাস্থ্যমন্ত্রী। সেখানে অনুপস্থিত চিকিৎসকদের মোবাইলে ফোন করে তাঁদের কর্মস্থলে না থাকার কারণ জানতে চান তিনি।

পরে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরিদর্শনে গিয়ে হাসপাতালে বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে। স্যালাইন মজুদ থাকা সত্ত্বেও একজন রোগীকে তা দেওয়া হয়নি। এছাড়া একজন চিকিৎসককেও কর্মস্থলে অনুপস্থিত পাওয়া গেছে। এসব বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, তৃণমূল পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। খুব শিগগির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শয্যা সংখ্যা ও চিকিৎসাসেবার সুযোগ-সুবিধা আরও বাড়ানো হবে।

পরিদর্শনের সময় নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম ধলু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ. ম. আখতারুজ্জামান, সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button