হাউজবোট থেকে পড়ে যাওয়া রুকাইয়ার ভাসমান মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের যাদুকাটা নদী ভ্রমণে যাওয়ার পথে বৌলাই নদীতে হাউজবোট থেকে পড়ে রুকাইয়া নুর (১০) নামে নিখোঁজ শিশুর ৪২ ঘণ্টা পর ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
রোববার (২৩ আগস্ট) ভোরে তাহিরপুর উপজেলার পিরোজপুর এলাকায় বোরহান উদ্দিনের বাড়ি সামনে লাশ ভেসে ওঠে।
পানিতে পড়ে নিহত রুকাইয়া নুর ফরিদপুর জেলার কোতোয়ালী থানার চামোট ২ নম্বর সড়ক এলাকার বাসিন্দা ডা.শাহানুর রহমানের মেয়ে।
জানা যায়, রুকাইয়া নুরসহ ২০ জন পর্যটক নিয়ে সাফিনা লাক্সারি হাউজবোট করে মধ্যনগর থেকে যাদুকাটা নদীর উদ্দেশে রওনা করে। পথে তাহিরপুর উপজেলার মাহতাবপুর এলাকার খেয়াঘাটে হঠাৎ হাউজবোট থেকে ১০ বছরের রুকাইয়া নুর পানি পড়ে যায়। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য টানা দুদিন উদ্ধার অভিযান পরিচালনা করে নিখোঁজ রুকাইয়াকে পায়নি। আজ বোরবার ফজরের নামাজের সময় উপজেলার পিরোজপুর এলাকায় নিখোঁজের ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্টার নিউজকে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বলেন, এ বিষয়ে পরিবারের কোনো আপত্তি নেই। হাউজবোটও তাদের নিজেদের। তবু যদি কেউ অভিযোগ করে তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।



