মুন্সিগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মুন্সীগঞ্জ (ডিজিটাল) প্রতিনিধি: মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে দুই আপন চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশুরা হলো— কাঠালবাড়ি গ্রামের মোল্লা বাড়ির মহসিন মোল্লার ছেলে ইব্রাহিম (৫) এবং তার আপন ছোট চাচা মহিউদ্দিন মোল্লার ছেলে রায়হান (সাড়ে ৩)। নিহত দুই শিশুর বাবাই বর্তমানে সৌদি আরব প্রবাসী বলে জানা গেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইব্রাহিম ও রায়হানকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও তাদের সন্ধান না পেয়ে একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তল্লাশি চালানো হয়। বেলা ১১টার দিকে স্থানীয়রা পুকুরের পানি থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধারের পরপরই দ্রুত তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কান্তা দাস পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
একই বাড়ির অবুঝ দুই শিশুর এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রবাসী বাবার আদরের দুই সন্তানকে হারিয়ে পরিবারটিতে চলছে শোকের মাতম।



