বাংলাদেশ

মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করলেন দাদা

বাংলা টিভি ডেস্ক: নরসিংদীর মনোহরদীতে মাদকাসক্ত নাতির কারণে অতিষ্ঠ হয়ে এক দাদা এলাকাবাসীকে তার সঙ্গে আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছেন। এমনকি অটোরিকশায় মাইক লাগিয়ে পুরো এলাকায় নাতির বিরুদ্ধে সতর্কবার্তা প্রচার করেছেন তিনি। ব্যতিক্রমী এই ঘটনায় এলাকায় বেশ আলোচনা তৈরি হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান ব্যাপারীপাড়ায় এ ঘটনা ঘটে। পরে মাইকিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মাইকিং করা ওই দাদার নাম মো. করম আলী ব্যাপারী। বয়স ৭২ বছর। তাঁর নাতি মো. মাহাবুব মিয়ার বয়স ২২ বছর। তারা দুজনই বড়চাপা ইউনিয়নের পাইকান গ্রামের ব্যাপারীপাড়া এলাকার বাসিন্দা।

মাইকিংয়ে করম আলী এলাকাবাসীকে মাহাবুবের সঙ্গে কোনো ধরনের লেনদেন না করার অনুরোধ জানান। দোকানদারদের ধার না দেওয়া, তাকে টাকা না দেওয়া এবং নিজের মোবাইল ফোনও তার হাতে না দেওয়ার জন্য সতর্ক করেন তিনি। কেউ এরপরও তার সঙ্গে লেনদেন করলে থানায় অভিযোগ করা হবে বলেও মাইকিংয়ে জানানো হয়।

স্থানীয়দের ভাষ্য, মাহাবুব অল্প বয়সেই একাধিক বিয়ে করেছেন। বিভিন্ন সময় বাজারের দোকানদার ও স্থানীয় মানুষের কাছ থেকে দাদার পরিচয় দিয়ে টাকা ধার নিতেন তিনি। পরে সেই টাকার দায় এসে পড়ত দাদা করম আলীর ওপর। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতির কারণে তিনি নাতির ওপর ক্ষুব্ধ ও অতিষ্ঠ হয়ে পড়েন।

করম আলী বলেন, দীর্ঘদিন ধরে নাতি মানুষের কাছ থেকে টাকা এনে সেই দায় তার ওপর চাপিয়ে দিচ্ছেন। কয়েক দিন আগে মাহাবুব জুয়া খেলে ৬০ হাজার টাকা হারিয়েছেন। এর মধ্যে ৫০ হাজার টাকা তিনি পরিশোধ করেছেন। বাকি টাকা দিতে না পারায় তাকেই অপমান সহ্য করতে হচ্ছে।

তিনি আরও বলেন, বাজারে ছাগল বিক্রি করে তার সংসার চলে। এ অবস্থায় নাতির ধারদেনার বোঝা বহন করা তার পক্ষে আর সম্ভব নয়। তাই বাধ্য হয়েই মাইকিং করে সবাইকে সতর্ক করেছেন।

বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান উদ্দিনও জানান, মাহাবুব বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে পরে সেই দায় দাদার ওপর চাপিয়ে দিতেন। এতে অতিষ্ঠ হয়েই করম আলী এমন অভিনব পদ্ধতিতে এলাকাবাসীকে সতর্ক করেছেন।

চেয়ারম্যানের ধারণা, মাহাবুব মাদকের প্রভাবে থাকতে পারেন। তবে মাদকাসক্তির অভিযোগের বাইরে অন্য কোনো অপরাধে তার জড়িত থাকার তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button