কুড়িগ্রামে সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন, ১০০ বস্তা উদ্ধার

বাংলা টিভি ডেস্ক: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএডিসির এক সার ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। কমিটিকে সোমবার (২৪ আগস্ট) তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ।
এর আগে রোববার সকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের এক বিএডিসি সার ডিলারের গুদাম ভেঙে স্থানীয় কৃষকেরা প্রায় ১৯০ বস্তা সার নিয়ে যান। ঘটনার পর বিষয়টি খতিয়ে দেখতে সহকারী কমিশনারকে (ভূমি) সভাপতি করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার এবং সদস্যসচিব হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তাকে রাখা হয়েছে।
ইউএনও অমৃত দেব নাথ বলেন, গুদাম থেকে নিয়ে যাওয়া ১৯০ বস্তা সারের মধ্যে ইতোমধ্যে ১০০ বস্তা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে সার ডিলারকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি জানান, ঘটনার পর বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, সার ডিলার, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভাও করা হয়েছে।
তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর গুদাম ভেঙে সার নিয়ে যাওয়ার প্রকৃত কারণ এবং ঘটনায় কারা জড়িত ছিল, সে বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।



