বাংলাদেশ

‘ফুটপাতে যদি একটা দোকানও থাকে, তাহলে মিজানেরটাও থাকতে হইবো’

বাংলা টিভি ডেস্ক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড শেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ‘ভাইরাল মিজান’ নামে পরিচিত মিজানুর রহমান।

রোববার (২৩ আগস্ট) সকালে নির্ধারিত সাজা শেষ হওয়ার পর তিনি কারাগার থেকে বের হন। এ সময় জেলগেটে তার স্বজন ও কয়েকজন শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।

কারামুক্তির পর নিজের ফুটপাতের দোকান নিয়ে মিজানুর রহমান বলেন, ঢাকা শহরে যদি একটি দোকান ফুটপাতে থাকতে পারে, তাহলে তার দোকানও সেখানে থাকা উচিত। তিনি দাবি করেন, দোকানটি আবার চালু করার জন্য তাকে অন্তত একটি জায়গা দেওয়া হোক।

মিজান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার ‘ভাইরাল’ পরিচিতিকে কাজে লাগিয়ে কোনো বিশেষ সুবিধা নেওয়ার ইচ্ছা নেই। তবে যেভাবে তার দোকানটি ভেঙে দেওয়া হয়েছে, সেটি পুনরায় চালু করার সুযোগ চান তিনি।

এর আগে গত ৯ আগস্ট রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা তার দোকানে গেলে তাদের সঙ্গে মিজানের বাগ্‌বিতণ্ডা হয়। পরে ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আগারগাঁওয়ের ফুটপাতে ছোট একটি ভাতের দোকান চালিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পেয়েছিলেন মিজানুর রহমান। মাত্র ১০০ টাকায় এক পিস গরুর মাংস, ভাত, আলু ও ডাল দেওয়ার কারণে তার দোকানটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।

দোকানটির নাম ছিল ‘নিজের হাতে লইয়া খাবেন, ১৪ বার নিয়ে খাবেন’। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ‘গরিবের বুফে’ নামেও পরিচিতি পায়। খাবার পরিবেশন ও খাওয়ার ব্যতিক্রমী পদ্ধতির ভিডিও ছড়িয়ে পড়ার পরই মিজানুর রহমান ‘ভাইরাল মিজান’ নামে পরিচিত হয়ে ওঠেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button