পরকীয়া প্রেমিকসহ প্রবাসীর স্ত্রীকে হাতেনাতে আটক, অতঃপর…

মুন্সীগঞ্জ (ডিজিটাল) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে স্থানীয় লোকজনের সহায়তায় এক প্রবাসীর স্ত্রীর পরকীয়া প্রেমিককে হাতেনাতে আটকের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বামী বাদী হয়ে স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
সোমবার সকালে পুলিশ অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২১ সালে শরিয়তসম্মতভাবে সৌদি প্রবাসী তানভীর আহমেদের সঙ্গে তানজিলা খানম মাহিয়ার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ৩ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের চার মাস পরেই তানভীর পুনরায় প্রবাসে চলে যান এবং প্রতিবছর ছুটিতে দেশে আসেন। এই সুবাদে উপজেলা চেয়ারম্যান কার্যালয়ের গাড়িচালক ও পূর্বপরিচিত সুজনের সঙ্গে মাহিয়ার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিবাহিতা হওয়া সত্ত্বেও গত এক বছর ধরে তাদের এই অবৈধ মেলামেশা চলছিল বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, গত ২৭ মে বিকেলে প্রেমিক সুজনের কুপ্ররোচণায় প্রবাসীর স্ত্রী মাহিয়া শ্বশুরবাড়ির বাসা থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যান। এরপর থেকেই তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
অবশেষে গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হরপাড়া এলাকার মৃধা ভবনের নবম তলার একটি ফ্ল্যাটে ওই প্রবাসীর স্ত্রী তার প্রেমিক সুজনকে নিয়ে অবস্থান করছেন—এমন সংবাদ পান প্রবাসী স্বামী তানভীর। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে প্রেমিক যুগলকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিঞা জানান, প্রবাসীর স্বামীর দায়ের করা মামলায় অভিযুক্ত প্রেমিক যুগলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।



