গড়াই নদীতে নৌকা উল্টে বড়শির সুতোয় পেঁচিয়ে জেলের মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে মাছ ধরতে গিয়ে গড়াই নদীতে নৌকা ডুবে পরিমল মণ্ডল (৩৮) নামের এক জেলের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে কুমারখালী পৌরসভার এম এন বাঁধ এলাকায় ঘটে এ ঘটনা।
মারা যাওয়া পরিমল মণ্ডল খোকসা উপজেলার মোড়াগাছা ইউনিয়নের হিলালপুর গ্রামের মান্য মণ্ডলের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ভরা নদীতে তীব্র স্রোত রয়েছে। বিকেলে এম এন বাঁধ এলাকায় টিনের তৈরি ডিঙি নৌকায় পরিমল মণ্ডল লম্বা সুতোয় অসংখ্য বড়শি নদীতে ফেলে মাছ ধরছিল। হঠাৎ স্রোতে ডিঙি নৌকা উল্টে যায়। আর বড়শির সুতো তার শরীরে পেঁচিয়ে গেলে তিনি নদীতে ডুবে যান। এরপর স্থানীয়রা বিষয়টি টের পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করে। পরে বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এম এন বাঁধ এলাকার চটপটি বিক্রেতা আলম শেখ জানান, এক জেলে ডিঙি নৌকায় নদীতে মাছ ধরছিল। বিকেল ৫টার দিকে হঠাৎ নৌকা উল্টে জেলে নদীতে পড়ে যায়। এ সময় তার শরীরের বড়শি পেঁচিয়ে যাওয়ায় তিনি আর উঠতে পারেননি। পরে স্থানীয়রা নদীতে নেমে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, মাছ ধরার সময় ডিঙি নৌকা উল্টে এবং শরীরে বড়শির পেঁচিয়ে নদীতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। এ বিষয়ে নৌ-পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।



