বাবার মরদেহ দাফন করার জায়গা নিয়ে দুই ভাইয়ের মারামারি

বাংলা টিভি ডেস্ক: যশোরের কেশবপুরে বাবার মরদেহ দাফনের জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার সন্যাসগাছা গ্রামে এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
আহতরা হলেন নিহত আব্দুল খালেক মানের (৭৪) বড় ছেলে মাহবুবুর মান (৫২), তার স্ত্রী মোমতাজ বেগম (৪৫), ছোট ছেলে আসাবুল (৪৫) ও তার স্ত্রী হালিমা বেগম (৩৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল খালেক মান মারা যাওয়ার পর তার মরদেহ কোথায় দাফন করা হবে, তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এতে দুই ভাই ও তাদের স্ত্রীরা আহত হন।
পরে খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে পুলিশ মৃত ব্যক্তির মরদেহ দাফনের ব্যবস্থা করে এবং আহত চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে। উভয় পক্ষকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসীর ভাষ্য, আব্দুল খালেক মান জীবিত থাকতেই তার দুই ছেলের নামে সম্পত্তি লিখে দিয়েছিলেন। বড় ছেলের নামে রাস্তার পাশের ডাঙা জমি এবং ছোট ছেলের নামে পারিবারিক কবরস্থানের জমি দলিল করে দেওয়া হয়েছিল।
তবে বাবার মৃত্যুর পর সেই কবরস্থানের জায়গায় মরদেহ দাফন করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চরমে ওঠে। একপর্যায়ে পারিবারিক বিরোধ গড়ায় মারামারিতে।



