বাংলাদেশ

একাদশ শ্রেণিতে ভর্তিতে কলেজ ভেদে ফি সর্বোচ্চ ৮৫০০, সর্বনিম্ন ১৫০০ টাকা

বাংলা টিভি ডেস্ক: বাংলা টিভি ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে সেশন চার্জ ও ভর্তি ফি নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, প্রতিষ্ঠান ও অবস্থানভেদে শিক্ষার্থীদের কাছ থেকে সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত ভর্তি ফি নেওয়া যাবে।

সোমবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালায় এ তথ্য জানানো হয়েছে। নীতিমালা অনুযায়ী, প্রতিষ্ঠানের এমপিওভুক্তির ধরন, ভৌগোলিক অবস্থান এবং বাংলা বা ইংরেজি ভার্সনের ওপর ভিত্তি করে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত হার অনুযায়ী, এমপিওভুক্ত কলেজে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে সর্বোচ্চ ৫ হাজার টাকা নেওয়া যাবে। ঢাকার বাইরে অন্যান্য মেট্রোপলিটন এলাকায় এ হার ৩ হাজার টাকা। জেলা পর্যায়ে ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্‌সলে ১ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, নন-এমপিওভুক্ত কলেজে ঢাকার মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে। ঢাকার বাইরে মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে ৫ হাজার এবং ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

জেলা পর্যায়ের নন-এমপিও কলেজে বাংলা ভার্সনে ৩ হাজার এবং ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা ভর্তি ফি নেওয়া যাবে। উপজেলা ও মফস্‌সলে বাংলা ভার্সনে ২ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে একাদশ শ্রেণিতে ভর্তির প্রাথমিক নিশ্চায়নের সময় শিক্ষা বোর্ড বিভিন্ন খাতে মোট ৩৪০ টাকা নেবে। এর মধ্যে রেজিস্ট্রেশন ফি ১৪২ টাকা, ক্রীড়া ফি ৫০ টাকা, রোভার/রেঞ্জার ফি ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা এবং বিএনসিসি ফি ১০ টাকা রয়েছে। এছাড়া শিক্ষককল্যাণ ও অবসরসুবিধা ভাতা বাবদ ১০০ টাকা নেওয়া হবে। গত বছর বিএনসিসি ফি ছিল ৫ টাকা।

নীতিমালায় একাদশ শ্রেণিতে অনলাইনে আবেদনের জন্য ২২০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে রেড ক্রিসেন্ট ফি বাবদ ২৪ টাকা এবং বার্ষিক ক্রীড়া মঞ্জুরি হিসেবে ৪০০ টাকা শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।

এবার একাদশে ভর্তির ক্ষেত্রে আবেদন ফি গত বছরের তুলনায় ৫ টাকা বাড়ানো হয়েছে। গত বছর ৩৩৫ টাকা থাকলেও নতুন শিক্ষাবর্ষে এ ফি নির্ধারণ করা হয়েছে ৩৪০ টাকা।

সংশ্লিষ্ট খবর

Back to top button