সাভারে ওরস বন্ধের দাবিতে ‘তৌহিদি জনতা’র স্মারকলিপি

বাংলা টিভি ডেস্ক: সাভারে সুরেশ্বর পীরের অনুসারী কাজী জাবের আল জাহাঙ্গীরের বাড়িতে আগামী ২৬ ও ২৭ আগস্ট অনুষ্ঠেয় ওরস বন্ধের দাবিতে উপজেলা প্রশাসন ও থানায় স্মারকলিপি দিয়েছেন স্থানীয় ধর্মীয় ও রাজনৈতিক নেতারা।
রোববার ‘তৌহিদি জনতা’র ব্যানারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাভার মডেল থানায় পৃথক স্মারকলিপি দেওয়া হয়। এতে কাজী জাবের আল জাহাঙ্গীরের বিরুদ্ধে ওরসকে কেন্দ্র করে ইসলামবিরোধী ও বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে অনুষ্ঠান বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
স্মারকলিপিতে হেফাজতে ইসলাম, বিএনপি, যুবদল, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা স্বাক্ষর করেন।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী বলেন, কাজী জাবের আল জাহাঙ্গীরের সঙ্গে তাদের কোনো ব্যক্তিগত বিরোধ নেই। তবে ইসলামের নামে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে—এমন অভিযোগের কারণে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
তিনি বলেন, ওরসের নামে যদি ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড পরিচালিত হয়, তাহলে তা বন্ধে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করেছেন কাজী জাবের আল জাহাঙ্গীর। তার দাবি, তাকে ঘিরে ধর্মীয় বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে।
জাবের আল জাহাঙ্গীর বলেন, প্রায় ১৯ বছর ধরে তার বাবার ওফাত উপলক্ষে বাড়িতে পারিবারিকভাবে ওরসের আয়োজন হয়ে আসছে। এবারও একইভাবে বাড়ির সীমানার মধ্যেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বাড়ির বাইরে কোনো প্যান্ডেল স্থাপন বা মাইক ব্যবহার করা হবে না বলেও জানান তিনি।
এদিকে ওরসকে ঘিরে স্থানীয়দের একাংশের আপত্তির বিষয়টি প্রশাসনের কাছে পৌঁছানোয় অনুষ্ঠানটি নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রশাসন কী পদক্ষেপ নেয়, তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল রয়েছে।



