বাংলাদেশ

কলেজে দেওয়া শিক্ষার্থীদের উপহারের ফ্রিজ বাসায় নিয়ে গেলেন বিভাগীয় প্রধান

বাংলা টিভি ডেস্ক: জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের গণিত বিভাগের শিক্ষার্থীদের উপহার দেওয়া একটি ফ্রিজ ব্যক্তিগত বাসায় নিয়ে ব্যবহারের অভিযোগ উঠেছে বিভাগীয় প্রধান মো. আব্বাছ আলীর বিরুদ্ধে। কলেজের সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিষয়টি নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, প্রতিষ্ঠানের কোনো সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করা গ্রহণযোগ্য নয়।

কলেজ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে গণিত বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর (মাস্টার্স) শিক্ষার্থীরা বিভাগীয় কার্যালয়ের ব্যবহারের জন্য ৯০ লিটার ধারণক্ষমতার একটি মিনি ফ্রিজ উপহার দেন। এরপর থেকে ফ্রিজটি বিভাগীয় প্রধানের কক্ষে রাখা ছিল। বিভাগের অন্যান্য শিক্ষকও প্রয়োজন অনুযায়ী সেটি ব্যবহার করতেন।

তবে প্রায় এক মাস আগে বিভাগীয় প্রধানের বাসার ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ার পর কলেজের ওই ফ্রিজটি বাসায় নিয়ে যান মো. আব্বাছ আলী। বিষয়টি জানাজানি হলে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

অভিযোগের বিষয়ে গণিত বিভাগের প্রধান মো. আব্বাছ আলী বলেন, বিভাগে ফ্রিজটির খুব বেশি প্রয়োজন হচ্ছিল না। এদিকে তার বাসার ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ায় এবং ঢাকায় থাকা মেয়ে রান্না করা খাবার বাসায় পাঠানোর কারণে খাবার সংরক্ষণের প্রয়োজন দেখা দেয়। এ কারণে তিনি কলেজের ফ্রিজটি বাসায় নিয়ে যান বলে জানান।

তিনি আরও বলেন, ফ্রিজটির প্রতি তার কোনো ব্যক্তিগত লোভ নেই। কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টরা ফেরত চাইলে তিনি সেটি তাৎক্ষণিকভাবে বিভাগে ফিরিয়ে দেবেন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর বলেন, ফ্রিজটি বিভাগ থেকে শিক্ষার্থীরা উপহার দিয়েছিলেন এবং সেটি বাসায় নিয়ে যাওয়ার বিষয়টি তার জানা ছিল না। তার ভাষায়, বিভাগীয় কার্যালয়ের কোনো সম্পদ নিজ বাসায় নিয়ে ব্যবহার করা মোটেও ঠিক হয়নি।

অধ্যক্ষ আরও বলেন, এ বিষয়ে আগে তাকে কেউ অবহিত করেননি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button