বাংলাদেশ

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দেবে ডেনমার্ক

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক। এর অংশ হিসেবে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপের কাজ বাস্তবায়নে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা দেবে দেশটি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিষ্টিয়ান ব্রিক্স মোলার। বৈঠক শেষে সাংবাদিকদের আলোচনার বিষয়গুলো জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থাপনার উন্নয়নে ডেনমার্ক সহযোগিতা করতে আগ্রহী। সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপের কাজ শেষ করতেই এ সহায়তা দেওয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই প্রকল্পের তৃতীয় ধাপে ডেনমার্ক প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা দেবে। এর মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। বাকি ৩ হাজার কোটি টাকা আগামী ২০ বছরে ধাপে ধাপে বাংলাদেশ সরকার পরিশোধ করবে।

তিনি বলেন, দীর্ঘমেয়াদে কিস্তিতে অর্থ পরিশোধের সুযোগ থাকায় প্রকল্পের অর্থায়ন সরকারের ওপর বড় ধরনের চাপ তৈরি করবে না।

প্রকল্পটি বাস্তবায়িত হলে মেঘনা নদী থেকে প্রতিদিন প্রায় ৯৫ কোটি লিটার পানি শোধন করা সম্ভব হবে। এর ফলে রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থায় সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

এদিকে রোহিঙ্গাদের সহায়তার জন্যও ডেনমার্ক ১০০ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে। মানবিক সহায়তার অংশ হিসেবে এই অর্থ ব্যয় করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button