বাংলাদেশ

ব্যাগের ভেতর থেকে নবজাতক উদ্ধার, শরীরজুড়ে অসংখ্য পিঁপড়া

বরগুনা প্রতিনিধি( ডিজিটাল): বরগুনার বামনায় জন্মের পরপরই প্লাস্টিকের ব্যাগে ভরে নির্জন স্থানে ফেলে যাওয়া এক নবজাতককে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা। উদ্ধারের সময়ও শিশুটির নাড়ি কাটা হয়নি। এছাড়া তার শরীরজুড়ে অসংখ্য পিঁপড়া ছিল।

সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাখালী গ্রামের ফায়ার সার্ভিস ইউনিটের সামনে ফজলুর দোকানের পেছনে নারিকেলগাছের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দোকানদার বাবুল ব্যাগের ভেতর থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে তিনি স্থানীয় যুবক তারিফ হাওলাদারকে বিষয়টি জানান। খবর পেয়ে তারিফ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী কামরুজ্জামানকে বিষয়টি অবহিত করেন।

এরপর স্থানীয়দের সহায়তায় ব্যাগটি খুলে নবজাতককে বের করা হয়। শিশুটির নাড়ি তখনো নাভির সঙ্গে যুক্ত ছিল। পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে পিঁপড়া লেগে থাকতে দেখা যায়।

পরে দ্রুত শিশুটিকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তার নাড়ি কেটে প্রয়োজনীয় চিকিৎসা দেন। হাসপাতালের চিকিৎসক জানান, শিশুটি মোটামুটি সুস্থ রয়েছে। চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি না করে উদ্ধারকারী তারিফ হাওলাদানের হেফাজতে রাখা হয়েছে।

তারিফ হাওলাদার বলেন, শিশুটিকে এমন অবস্থায় দেখে তিনি অত্যন্ত কষ্ট পেয়েছেন। নিজের বোনের মতো স্নেহ-মমতায় শিশুটিকে বড় করতে চান তিনি।

নবজাতককে এভাবে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটিকে কারা এবং কী কারণে সেখানে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি।

স্থানীয়দের দাবি, দ্রুত শিশুটির জন্মদাতা মা-বাবার পরিচয় শনাক্ত করার পাশাপাশি তার নিরাপত্তা, পরিচর্যা ও আইনগত অভিভাবকত্ব নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সংশ্লিষ্ট খবর

Back to top button