গ্রাম বাংলাদেশবাংলা

স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর অভিমান করে রায়হান (২২) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রায়হান ওই গ্রামের আবুল হাওলাদারের ছেলে। তিনি বাকেরগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় ‘মায়ের দোয়া বেকারি’তে কেক তৈরির কারিগর হিসেবে কাজ করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করেন রায়হান। বিয়ের পর থেকে তিনি স্ত্রীকে নিয়ে সংসার করছিলেন।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো কর্মস্থলে যান রায়হান। সেখানে যাওয়ার প্রায় এক ঘণ্টা পর স্ত্রীর ফোন পেয়ে তিনি বাড়িতে ফিরে আসেন। পরে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হলে তিনি নিজ কক্ষে গিয়ে ভিতর দিয়ে দরজা আটকে দেন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা জানালা দিয়ে রায়হানকে গালায় ফাঁস দেয়া অবস্থায় ভিতরে দেখতে পান। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button