১৮ বছরের ফ্যাসিবাদ দেশের সংকট তৈরি করে গেছে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ১৮ বছরের ফ্যাসিবাদ দেশের সংকট তৈরি করে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সংকট উত্তোলনের জন্য প্রাণান্তকর চেষ্টা করছে। ইনশাআল্লাহ অতিদ্রুত এই সংকট আমরা উত্তোলন করবো।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর আড়াইটায় টাঙ্গাইলের বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গত ১৮ বছরে আমাদের দেশের লেখাপড়ার মান ধ্বংস হয়ে গেছে। আমরা জানি একটা জাতিকে ধ্বংস করতে হলে সবার আগে তার শিক্ষাকে ধ্বংস করতে হবে। হাসিনার রেজিম সেই কাজটি করেছে। দেশ যখন মেধার ভিত্তিতে চলবে তখন সবাই গণতন্ত্রের কথা বলবে। তখন সবাই বাংলাদেশের সমৃদ্ধির কথা বলবে। দেশ যখন মেধার ভিত্তিতে চলবে না, লেখাপড়ার মান তখন নিচে নেমে যাবে। তখন এই দেশটাকে শোষণ ও লুটপাট করা সহজ হবে। আর সেই কাজটি হাসিনা ১৮ বছর করেছে।
তিনি বলেন, বাংলাদেশ তো একসময় গ্যাসের উপর ভাসতো। বিদ্যুতের তো সমস্যা হওয়ার কথা ছিল না। তাহলে কেন আজকে এই সমস্যা। হাসিনা এগুলোকে ধ্বংস করে দিয়েছে। বিদ্যুতের নামে লুটপাট করেছে। গ্যাস উত্তোলন না করে শুধু ইনপুট করেছে। বেপজাও সেটাকে ধ্বংস করে দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এসে গ্যাস উত্তোলনের ব্যবস্থা করেছে। আমরা দ্রুত বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করছি।
বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও অভিভাবক সদস্য সফিকুল ইসলাম লোটাসের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সহধর্মিণী বেগম নার্গিস সিদ্দিকা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, বাসাইল ও সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম মামুনুর রশীদ, বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর প্রমুখ।



