বাংলাদেশ

সরিয়ে দেওয়া হলো রংপুরের সেই পুলিশ কমিশনারকে

বাংলা টিভি ডেস্ক: রংপুর মহানগর পুলিশ কমিশনার (আরপিএমপি) মোহাম্মদ আবদুল মাবুদকে সরিয়ে দেয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মু. মাহবুবুর রশীদ।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মহানগর পুলিশ কমিশনার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে (টিআর পদে) এবং নোয়াখালী পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল এবং তার স্ত্রী-সন্তানসহ একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা করা হয়। গত ২৩ আগস্ট উক্ত চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় আয়োজিত সংবাদ সম্মেলনে তৎকালীন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ দুই যুবককে আটকের তথ্য জানান এবং হত্যাকাণ্ডের নির্মমতার বিবরণ দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্না করেন। ওই ঘটনার পরপরই আরপিএমপি প্রধানের পদে এই রদবদল ঘটলো।

সংশ্লিষ্ট খবর

Back to top button