‘বাংলাদেশ থেকে ফ্রি কর্মী নিবে মালয়েশিয়া সরকার’

সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করে ১০ হাজার দক্ষ ফ্রি কর্মী নিবে মালয়েশিয়া সরকার। এই ১০ হাজার কর্মীর কোনো টাকা খরচ করতে হবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে বৈধ পথে প্রবাসে কর্মী পাঠাতে দক্ষ জনবল গড়ে তুলতে হবে। দক্ষ জনবল গড়তে সরকার প্রশিক্ষণের ব্যবস্থা করবে। এছাড়াও আরবি, জাপানি, চায়নিজ ও ইংরেজি ভাষায় পারদর্শী করে তুলতে পারলে বিদেশি লোক পাঠানো আরো সহজ হবে।
আরিফুল হক চৌধুরী বলেন, অবৈধ পথে মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকার দ্রুত ব্যবস্থা নেবে। দেশ ও প্রবাসে যারা মানবপাচারের সাথে জড়িত তাদের তথ্য সংগ্রহ করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনের সংসদ সদস্য কলিমুদ্দিন আহমেদ মিলন, কয়ছর এম আহমদ, কামরুজ্জামান কামরুল, অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
এ সময় উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোখতার আহমদে, সিলেট বিভাগীয় কমিশনার, সিলেট পুলিশের ডিআইজিসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।



