বাংলাদেশ

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়ন পরিষদের দুই সংরক্ষিত নারী সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে পাংশা পৌরসভার কলেজ রোড এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মো. মফিজুল ইসলাম।

ডিবি পুলিশ জানায়, এসআই শিমুল শেখের নেতৃত্বে একটি দল পাংশা মডেল থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ‘উড ওয়ার্ড ফার্নিচার’ নামের একটি দোকানের সামনে পাকা সড়ক থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন কালুখালী উপজেলার মোহনপুর এলাকার আব্দুল মান্নান মন্ডলের স্ত্রী হামিদা খাতুন (৪৭) এবং চর কুলটিয়া এলাকার কদর আলী মন্ডলের স্ত্রী সাজেদা বেগম (৪০)। হামিদা মাজবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। আর সাজেদা ওই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য।

ডিবি পুলিশের ওসি মো. মফিজুল ইসলাম জানান, গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বলেন, দুই নারী সদস্য ইয়াবাসহ গ্রেফতার হওয়ার খবর তিনি শুনেছেন। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button