বাংলাদেশ

বাড়িতে বাবার লাশ রেখে সংঘর্ষ, এবার মাকে বাড়িছাড়া করল সেই দুই ভাই

বাংলা টিভি ডেস্ক: যশোরের কেশবপুরে বাবার মরদেহ বাড়ির বারান্দায় রেখেই সংঘর্ষে জড়ানো দুই ভাইয়ের বিরুদ্ধে এবার তাদের বৃদ্ধ মাকে ভিটেবাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। স্বামীকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন নুরজাহান বেগম। বর্তমানে প্রায় ১২ কিলোমিটার দূরে মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলার সন্যাসগাছা গ্রামে এ ঘটনা ঘটে। পরপর দুই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সকালে নুরজাহান বেগমের স্বামী খালেক মানের মরদেহ বাড়ির বারান্দায় রাখা ছিল। স্বজনরা যখন দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন কবরের জায়গা নির্ধারণকে কেন্দ্র করে তার দুই ছেলে মাহবুর রহমান ও আসাবুর রহমানের মধ্যে বিরোধ বাধে। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে গড়ায়। এতে দুই পক্ষের পাঁচজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।

এরপর ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃদ্ধা নুরজাহানকে ভিটেবাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তার দুই ছেলের বিরুদ্ধে। স্বামী হারানোর শোকের মধ্যেই বাড়ি ছাড়তে বাধ্য হয়ে মেয়ের বাড়িতে আশ্রয় নেন তিনি।

নুরজাহানের মেয়েজামাই নজরুল ইসলাম জানান, বর্তমানে তার শাশুড়ি পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা গ্রামে তার মেয়ের বাড়িতে রয়েছেন। ওই বাড়িটি নুরজাহানের নিজ বাড়ি থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে।

আসাবুর রহমানের ছেলে আল আমিন বলেন, চিকিৎসার জন্য তার বাবা বাড়ির বাইরে রয়েছেন। বড় চাচা মামলা করেছেন শুনে তিনি বাড়িতে আসেননি। তবে তার দাদি বর্তমানে কোথায় রয়েছেন, সে বিষয়ে তিনি জানেন না।

গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের সন্যাসগাছা ওয়ার্ডের সদস্য পংকজ চক্রবর্তী বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হবে।

কেশবপুর থানার ওসি রোকসানা খাতুন বলেন, নুরজাহানকে বাড়িতে ঢুকতে না দেওয়ার বিষয়টি তার জানা নেই। তবে তিনি এ বিষয়ে অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button