গভীর রাতে ঘরে ঢুকে প্রেমিকার হাত কেটে কবজি বিচ্ছিন্ন করল প্রেমিক

বাংলা টিভি ডেস্ক: মেহেরপুর শহরে গভীর রাতে এক তরুণীর বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় স্মৃতি আক্তার নামে ওই তরুণীর ডান হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মেয়েকে রক্ষা করতে এগিয়ে এসে হামলায় আহত হয়েছেন তার বাবা সেলিম হোসেন ও মা রেবেকা খাতুন। ঘটনার পর অভিযুক্ত যুবক পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে শহরের লর্ড মার্কেট এলাকায় ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাওন শহরের মল্লিকপাড়া এলাকার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে।
হামলায় আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাওনের সঙ্গে স্মৃতি আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের মধ্যে কোনো বিরোধ তৈরি হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই সম্পর্কের জেরেই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে শাওন ওই বাড়িতে ঢুকে স্মৃতির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। একপর্যায়ে তার ডান হাতে কোপ দিলে কবজির ওপর থেকে হাতটি বিচ্ছিন্ন হয়ে যায়। মেয়ের চিৎকার শুনে বাবা-মা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় শাওন।
খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।
মেহেরপুর সদর থানার ওসি হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাওনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হামলার পেছনের কারণ এবং কোনো পূর্ববিরোধ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।



