ধর্ম

আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

বাংলা টিভি ডেস্ক: আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত এই দিনটি বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রায় ১ হাজার ৪০০ বছর আগে মক্কায় মানবজাতির হেদায়েতের বার্তা নিয়ে জন্মগ্রহণ করেন ইসলামের সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)। ৬৩২ খ্রিস্টাব্দে একই দিনে তিনি ওফাত লাভ করেন।

মহানবী (সা.)-এর আগমন মানবজাতির জন্য আল্লাহর বিশেষ অনুগ্রহ হিসেবে বিবেচিত। তিনি মানুষকে অজ্ঞতা ও অন্ধকার থেকে সত্য, ন্যায় ও আলোর পথে আহ্বান করেন। তার দীর্ঘ ২৩ বছরের নবুয়তি জীবনে ইসলামের শান্তি, সাম্য, মানবিকতা ও ন্যায়ের বাণী ছড়িয়ে পড়ে।

৫৭০ খ্রিস্টাব্দে মক্কার সম্মানিত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী (সা.)। জন্মের আগেই তিনি পিতাকে হারান এবং শৈশবেই মা ও দাদার স্নেহ থেকে বঞ্চিত হন। ৪০ বছর বয়সে ৬১০ খ্রিস্টাব্দে তিনি নবুয়ত লাভ করেন। এরপর জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর বাণী প্রচার ও মানবকল্যাণে নিজেকে নিয়োজিত রাখেন।

মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ মুসলমানদের জন্য অনুসরণীয়। তার শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়, দায়িত্ববোধ, সহমর্মিতা, সাম্য ও মানবিকতার ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি পালন করা হচ্ছে। এ উপলক্ষে বাংলাদেশে সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। দেশের বিভিন্ন মসজিদ, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তিলাওয়াত, ওয়াজ মাহফিল, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ উপলক্ষে পক্ষকালব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে বাদ মাগরিব ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশবরেণ্য আলেম-ওলামারা সেখানে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করবেন।

এ ছাড়া কর্মসূচির মধ্যে রয়েছে কিরাত, হামদ-নাত ও সেমিনার, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, সিরাত স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ, ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী এবং মাসব্যাপী ইসলামী বইমেলা।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুসলিমরা মহানবী (সা.)-এর জীবন, চরিত্র ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে শান্তি, ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button