বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত স্ত্রী, মারা গেলেন দুজনেই

বাংলা টিভি ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপায় গবাদিপশুর জন্য ঘাস কাটার বৈদ্যুতিক মেশিন চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তার স্ত্রী মিনা রানী ভৌমিক (৬০)।
স্থানীয়রা জানান, সকালে গোয়ালঘরে গবাদিপশুর খাবারের জন্য বৈদ্যুতিক মেশিনে ঘাস কাটছিলেন অমরেন্দ্র নাথ। হঠাৎ অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকেন। বিষয়টি দেখতে পেয়ে স্বামীকে উদ্ধার করতে এগিয়ে আসেন স্ত্রী মিনা রানী। এ সময় তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
পরে প্রতিবেশীরা ঘটনাটি বুঝতে পেরে দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। এরপর দুজনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসাদুজ্জামান জোহা জানান, হাসপাতালে আনার আগেই ওই দম্পতির মৃত্যু হয়েছিল। অতিরিক্ত বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
একসঙ্গে স্বামী-স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মাধবপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।



