বাংলাদেশ

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার মানুষ

বাংলা টিভি ডেস্ক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনকে কেন্দ্র করে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন হাজারো মানুষ। বুধবার (২৬ আগস্ট) সকাল থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে মাইজভান্ডারি আশেকানরা সেখানে আসতে শুরু করেন।

আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। বেলা ১১টার পর সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ গেট থেকে জশনে জুলুস বের হওয়ার কথা রয়েছে।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, জুলুসটি দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও সচিবালয়ের সামনের সড়ক প্রদক্ষিণ করে আবার সোহরাওয়ার্দী উদ্যানে ফিরে আসবে। এরপর সেখানে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ।

সকাল থেকেই উদ্যানের বিভিন্ন প্রবেশপথে মানুষের ভিড় দেখা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অংশগ্রহণকারীদের বহনকারী বাসগুলো আব্দুল গনি রোডসহ আশপাশের এলাকায় অবস্থান করছে।

অনুষ্ঠানস্থলের দক্ষিণ পাশে নারী ও পুরুষদের জন্য পৃথক প্যান্ডেল তৈরি করা হয়েছে। সকালে বৃষ্টি হওয়ায় উদ্যানের বেশ কিছু জায়গা কাদায় পরিণত হয়েছে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই দূর-দূরান্ত থেকে আসা মানুষ সেখানে অবস্থান করছেন।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশে দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি বিদেশ থেকে আসা সুফি স্কলার, পীর-মাশায়েখ, ওলামা, শিক্ষাবিদ ও ধর্মীয় নেতারা বক্তব্য দেবেন। এতে বিপুলসংখ্যক সুন্নি ও সুফিবাদী অনুসারীর অংশ নেওয়ার কথা রয়েছে।

মহাসমাবেশে সভাপতিত্ব করবেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারি।

সংশ্লিষ্ট খবর

Back to top button