ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে জশনে জুলুসে লাখো মানুষের ঢল

বাংলা টিভি ডেস্ক: আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মরণে বিশ্বের মুসলমানরা দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করেন। এ উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত জশনে জুলুসে লাখো মানুষের ঢল নেমেছে।
ইসলামের সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিষ্টাব্দে মক্কা নগরীর কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আবদুল্লাহ ও মাতা আমিনা। জন্মের আগেই মহানবী (সা.) পিতাকে হারান। মাত্র ছয় বছর বয়সে তিনি মাতৃহারা হন। ৬৩২ খ্রিষ্টাব্দে ৬৩ বছর বয়সে তিনি ওফাত লাভ করেন।
মহানবী (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। দিনটি ঈদে মিলাদুন্নবী (সা.) ও সিরাতুন্নবী (সা.) হিসেবে বিভিন্ন দেশে ধর্মীয় মর্যাদায় পালন করা হয়।
চট্টগ্রামে এ উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মানুষ অংশ নিতে শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জুলুসের জনস্রোতও বাড়তে থাকে। মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে লাখো মানুষ এতে অংশ নেন।



